ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক মারা গেছেন।
শুক্রবার রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রাধিকাপুর সীমান্তে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন।
পরে বিএসএফ সদস্যরা তাকে রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জের ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।
পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, আসাদুল তার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নিহতের সংবাদ প্রচারিত হলে তিনি বিষয়টি জানতে পারেন। পরে বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনাটি স্থানীয় বিজিবি ক্যাম্পে অবহিত করেন।
এ বিষয়ে বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে চান্দেরহাট বিওপির আওতাধীন ৩৩৩ নম্বর মূল সীমান্ত পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান। এতে আসাদুল গুলিবিদ্ধ হন।
বিজিবি আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ ঘটনায় আজ রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানানো যাবে।’
