‘মানসম্মত ক্রিকেট খেলতে পারছি না’, ইংল্যান্ডের কাছে টানা ১৪ হারের পর লঙ্কান অধিনায়ক

ইংল্যান্ডের কাছে একের পর এক হার, আর তার ওপর টি-টোয়েন্টিতে টানা ১৪তম পরাজয়—এমন বিব্রতকর রেকর্ড গড়ার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে সোজা কথা বললেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সাফ জানিয়ে দিলেন, তারা একেবারেই ‘মানসম্মত ক্রিকেট খেলতে পারছেন না’। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ৬ উইকেটের বড় জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার সোফিয়া গার্ডেন্সে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের লেগেছে মাত্র সাড়ে ১২ ওভারের মতো। ৪টি ছক্কায় ২৪ বলে ৫২ রানের এক টর্নেডো ইনিংসে জয় একাই সহজ করে দেন টম ব্যান্টন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন এক দলের বিপক্ষে অন্য দলের টানা হারের তৃতীয় নজির এটি। রুয়ান্ডার বিপক্ষে উগান্ডার টানা ১৭ হার প্রথমেই আছে। পাকিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে টানা ১৫ টি-টোয়েন্টিতে। টেস্ট খেলুড়ে দুই দলের মধ্যে যা সর্বোচ্চ। এরপরই ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার টানা ১৪ হার। 

প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের বিশাল হারের পর কার্ডিফেও ভাগ্য বদলায়নি লঙ্কানদের। যদিও টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৫৬ রান তুলে ভালো সূচনার আভাস দিয়েছিল তারা। তবে ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে এক ওভারেই দৃশ্যপট বদলে দেন লিয়াম ডসন। টানা দুই বলে লহিরু উদারা (২১) ও কামিল মিশারাকে ফিরিয়ে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত ভেঙে দেন এই বাঁহাতি স্পিনার। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

পরে জোফরা আর্চারের জোড়া আঘাতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রানেই থমকে যায় শ্রীলঙ্কার ইনিংস। ওপেনার পাথুম নিসাঙ্কার ৩৭ রানই ছিল তাদের পক্ষে সর্বোচ্চ।

সহজ রান তাড়ায় জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক শুরু থেকেই চড়াও হন প্রতিপক্ষ বোলারদের ওপর। প্রথম ৭ ওভারেই উঠে যায় ৭৯ রান। ১৬ বলে ৩০ রান করার পথে টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাটলার। আর মাত্র ৮ বলে ২৩ রানের ক্যামিও খেলেন ব্রুক।

এমন দাপুটে জয়ে বেশ উচ্ছ্বসিত ইংলিশ দলপতি হ্যারি ব্রুক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ। শ্রীলঙ্কা শুরুতেই দ্রুত রান তুলছিল, কিন্তু আমাদের বোলাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই দুর্দান্ত। বিশেষ করে লিয়াম ডসনের বোলিংয়ের ধরনটা ছিল দারুণ; ও দুর্দান্ত একজন বোলার এবং ম্যাচটা খুব ভালোভাবে পড়তে পারে। সবাই এক কথায় চমৎকার বোলিং করেছে, আর ব্যাট হাতে ব্যান্টনের চারপাশের শট খেলা দেখতেও দারুণ লেগেছে।’

অন্যদিকে লঙ্কানদের এমন অসহায় আত্মসমর্পণের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে দলের পারফরম্যান্স নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি গোপন না করে তিনি বলেন, ‘খুবই হতাশাজনক পারফরম্যান্স। পাওয়ারপ্লেতে আমরা ম্যাচে ভালোভাবেই ছিলাম, কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়েছি। ইংল্যান্ড আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। আমাদের অবশ্যই খেলায় উন্নতি করতে হবে, কারণ আমরা একেবারেই মানসম্মত ক্রিকেট খেলতে পারছি না।’

 

Related Articles

Latest Posts