পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন হুলিয়ান আলভারেজ। প্রায় এক সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরতে তৈরি বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে অ্যাতলেতিকো মাদ্রিদ।
আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে লা লিগার চলতি মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। অ্যাতলেতিকোর ঘরের মাঠ মেত্রোপলিতানোতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে।
হাইভোল্টেজ এই লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে নিশ্চিত করেছেন আলভারেজের ফেরার বিষয়টি। তাকে পাওয়াটা নিঃসন্দেহে দলটির জন্য স্বস্তির খবর।
২৬ বছর বয়সী আলভারেজের স্বদেশি সাবেক তারকা ফুটবলার সিমিওনে বলেছেন, ‘সে (আলভারেজ) আমাদের সঙ্গেই থাকবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব সে শুরু থেকেই খেলবে, নাকি ম্যাচ চলাকালীন নামবে।’
গত ১০ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে পুরোটা সময় খেলেন আলভারেজ। এরপর চোট ধরা পড়ায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে জয় পাওয়া দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
গত গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতে ক্লাব ছাড়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর অ্যাতলেতিকোর একাদশে নিজের হারানো জায়গা পুনরুদ্ধার করা এবং সমর্থকদের আস্থা ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রয়েছে আলভারেজের সামনে। গত মাসে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠে নিজ দলের ভক্তদের তোপের মুখে পড়েন তিনি।
গত জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ চলাকালেই অ্যাতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভারেজ। তার মূল লক্ষ্য ছিল বার্সেলোনায় পাড়ি জমানো। কাতালানরাও তাকে পেতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত নিজেদের এই ফরোয়ার্ডকে লা লিগার প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এমনকি কোনো আলোচনাতে বসতেও রাজী হয়নি তারা।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চারে আছে অ্যাতলেতিকো। দুইয়ে থাকা রিয়ালের অর্জন ১৫ পয়েন্ট। পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শিরোপাধারী বার্সেলোনা।
