ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় হয়রতপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানিয়েছে, গুলিতে আহত ব্যবসায়ী অন্তর সরকার (২৮) এবং তাঁর ফুফাতো ভাই রাজীব (২৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়রতপুর বাজারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন অন্তর, তার বাবা নিতাই সরকার ও রাজীব। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে।
অন্তরের বাবা নিতাই সরকার হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা কেরানীগঞ্জে থাকেন এবং হয়রতপুরের গরুর হাটের কাছে ঋতু জুয়েলার্স নামে একটি দোকান আছে। তারা তিনজনই ওই দোকানে কাজ করেন।
তিনি বলেন, দোকান বন্ধ করে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে হয়রতপুর এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এরপর তারা অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে অন্তরের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। পরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রাজীবের পায়ে ককটেলের স্প্লিন্টার লাগে বলে জানান নিতাই।
নিতাই সরকারের দাবি, দুর্বৃত্তরা অন্তরের সঙ্গে থাকা একটি টিফিন ক্যারিয়ারও নিয়ে যায়। ওই টিফিন ক্যারিয়ারে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিল বলে তিনি দাবি করেন।
পরিবারের সদস্যরা জানান, দোকানে স্বর্ণালংকার আনা-নেওয়ার জন্য তারা নিয়মিত টিফিন ক্যারিয়ার ব্যবহার করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অন্তরের ডান পায়ে গুলির আঘাত রয়েছে এবং রাজীবের পায়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
তিনি বলেন, দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
