গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে জানান, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে এবং আরও ২টি ইউনিট পথে রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী দ্য ডেইলি স্টারকে জানান, চেরাগ আলী এলাকায় ওই ওষুধ কারখানার আগুন সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
প্রথমে কারখানাটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানালেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। কারখানাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
