দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রজনীকান্ত। কিন্তু সুপারস্টার হওয়ার আগের দিনগুলো এখনো ভোলেননি এই অভিনেতা। বেঙ্গালুরুতে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করার সময়টাকে এখনো মনে পড়ে তার।
এমনকি চলচ্চিত্রের তারকা পরিচয়ের চেয়েও পুরোনো সেই পেশার সঙ্গে নিজেকে বেশি মেলাতে পারেন বলে জানিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে ‘জেলার ২ সুপার শো’ অনুষ্ঠানে নিজের অতীতের কথা বলেন রজনীকান্ত।

তিনি জানান, পাঁচ বছর বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন। সেই দিনগুলো এখনো খুব মনে পড়ে তার।
রজনীকান্ত বলেন, ‘অভিনয় আমি ভালোবাসি। কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসতাম বাসের কন্ডাক্টরের কাজ। পাঁচ বছর এই পেশায় ছিলাম। সেই দিনগুলো এখনো মিস করি।’
তিনি আরও বলেন, বেঙ্গালুরুতে গেলে বাস দেখেই তার ভালো লাগে। বাসের কন্ডাক্টরদের খাকি পোশাক দেখলে পুরোনো স্মৃতি ফিরে আসে। সুপারস্টার পরিচয়ের সঙ্গে নিজেকে মেলাতে তার কিছুটা অসুবিধা হয়। তাই নিজের ভেতরে এখনো সেই বাসের কন্ডাক্টরকেই খুঁজে পান তিনি।

৭৫ বছর বয়সেও সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে যাওয়ার পেছনে ভক্তদের ভালোবাসাকে কৃতিত্ব দিয়েছেন রজনীকান্ত।
তার মতে, তামিল দর্শকদের সমর্থনই তাকে এত বছর ধরে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ভক্তদের ভালোবাসা না পেলে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না বলেও জানান তিনি।
ভক্তদের এই সমর্থনের কারণেই বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয় বলে জানান অভিনেতা।
রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। সিনেমাতে আরও অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সূরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান, আন্না রাজন ও যতীন সারনা।
এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে মোহনলাল, শিব রাজকুমার ও বিজয় সেতুপতিকে।
