গাজীপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এর সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়।
দুপুর ১টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইদুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, ঘটনাস্থলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রিজার্ভে থাকা পানি দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে কারখানাটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানানো হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। কারখানাটি টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।
অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে কালাম নামে ফায়ার সার্ভিসের এক কর্মীকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে, আগুনে পোড়া ভবন ও আশপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানাটি থেকে এখনো ঘন ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আগুনের খবর পেয়ে কারখানার সামনে আশপাশের এলাকার হাজারো মানুষ ভিড় করেছেন।
