টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে এরই মধ্যে শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে কলম্বিয়া। তবে শীর্ষস্থানের লড়াইয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগাল। অন্যদিকে, ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এবং কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে উজবেকিস্তান।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া এবং ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ দুটি।
এক নজরে দেখে নেওয়া যাক শেষ ম্যাচ ডের আগে কোন দলের সামনে কী সমীকরণ:
কলম্বিয়া
এই গ্রুপ থেকে প্রথম স্থান নিশ্চিত করার দ্বারপ্রান্তে রয়েছে কলম্বিয়া। টানা দুই ম্যাচ জেতা দলটি পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ সেরা হবে। আর হেরে গেলেও রানার্সআপ হিসেবে নকআউটে খেলা নিশ্চিত তাদের।
পর্তুগাল
৪ পয়েন্ট ও বড় গোল ব্যবধান (+৫) নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে পর্তুগাল। আজ কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ সেরা হবে তারা। ড্র করলে দ্বিতীয় দল হিসেবে যাবে পরের রাউন্ডে।
এমনকি হেরে গেলেও নকআউটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পর্তুগিজদের। কারণ ডিআর কঙ্গো ড্র করলে বা হারলে কোনো সমীকরণ ছাড়াই দ্বিতীয় হবে তারা।
আর কঙ্গো জিতলে ও পর্তুগাল হেরে গেলে দুই দলেরই পয়েন্ট হবে ৪। হেড-টু-হেড ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় তখন হিসাব হবে গোল ব্যবধানের। সেখানে +৫ গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকায় পর্তুগালই পাবে রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট।
ডিআর কঙ্গো
পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই ডিআর কঙ্গোর। জয় পেলে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী আটটি দলের একটি হয়ে নকআউটে যাওয়ার ভালো সুযোগ থাকবে তাদের সামনে।
এমনকি কলম্বিয়া যদি পর্তুগালকে হারিয়ে দেয় এবং কঙ্গো বড় ব্যবধানে জয় পায়, তবে গোল ব্যবধানে পর্তুগালকে টপকে সরাসরি দ্বিতীয় স্থানে ওঠার সুযোগও থাকবে আফ্রিকান দলটির। তবে ড্র করলে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় প্রায় নিশ্চিত।
উজবেকিস্তান
টানা দুই হারে পয়েন্টের খাতা খুলতে না পারা উজবেকিস্তানের শীর্ষ দুইয়ে থাকার কোনো সুযোগ নেই। ডিআর কঙ্গোকে হারাতে পারলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ওঠার সুযোগ আছে তাদের।
কিন্তু গোল ব্যবধানে (-৭) অনেক পিছিয়ে থাকায় সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে পরের রাউন্ডে যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। আর ড্র বা হারলে টুর্নামেন্ট থেকে নিশ্চিতভাবেই বিদায় নিতে হবে এশিয়ার দলটিকে।
