নারায়ণগঞ্জ সদরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মাইদুল ইসলাম (২৪), তার স্ত্রী বিউটি আক্তার (২২) ও তাদের ছেলে মারুফ (৮)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় সকালে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির তিনজনই দগ্ধ হন। ওই বাসায় আগে থেকেই লিকেজের কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ ও মারুফের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
