কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ শনিবার বিকেল ৩টার দিকে প্রথমে তুহিনকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যার পর অপর দুজনকে আটক করা হয় বলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজউদ্দিন ভূঁইয়া জানান।
তিনি বলেন, ‘সিসিটিভি সূত্র ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মোট ৩ জনকে আটক করা হয়েছে।’
গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম।
আজ শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় তাদের বাড়ি।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর অপ্রতিম আমাদের সঙ্গে দুপুরের খাবার খায়। পরে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যেতে চায়। কিন্তু আর ফিরে আসেনি।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।’
পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় অপ্রতিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা যায়। তুহিন নামে ওই যুবককে আটক করা হয়েছে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রক্টরিয়াল বডির সদস্য মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘শুক্রবার রাতভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একটি ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। স্থানীয়দের অনেককে ফুটেজের স্ক্রিনশট দেখিয়ে আমরা ওই যুবককে সানন্দা এলাকার নুরে আলমের ছেলে তুহিন হিসেবে শনাক্ত করি।’
স্থানীয়রা জানায়, সানন্দা পাহাড়ি এলাকাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় আড়াই কিলোমিটার এবং অপ্রতিমের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে।
ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।’
