বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার। নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো একে একে বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভূল্লী নামে দুটি পৃথক উপজেলা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখায় রুহিয়াবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমি প্রথমেই মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করতে চাই। তার অশেষ রহমতে আমরা স্বল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঠাকুরগাঁও বড় মাঠের জনসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করছি। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের অনুমোদন ও স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।’
ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে বিমানবন্দরটি পরিদর্শন করেছে।’
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে, কৃষক কার্ড কার্যক্রমও শুরু হয়েছে। খাল খননের কাজও শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।’
সরকারের বয়স মাত্র তিন মাস উল্লেখ করে তিনি বলেন, ‘এই অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি।’
বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান।’
দেশের সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ধৈর্য ধরে পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানে কাজ করা হবে।’
তরুণদের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। একইসঙ্গে নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’
এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন নতুনভাবে দেশ গঠনের চেষ্টা করছি, তখন যেন কোনোভাবেই বিভ্রান্তির শিকার না হই।’
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীদের আরও সংগঠিত হওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
পরে বিকেলে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনের পাঁচটি ইউনিয়ন নিয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় যান। সেখানেও উপজেলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় স্থানীয়দের আয়োজিত আরেকটি গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন।
রুহিয়া ও ভুল্লীতে তিনি উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।
